রায়গঞ্জ: নাচের ভিডিও তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি। জলে ডুবে মৃত্যু কিশোরের। উত্তর দিনাজপুরের হেমতাবাদের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নদীর পাড়ে নাচের মহড়া দিতে গিয়েই বিপত্তি। পা পিছলে নদীর জলে পড়ে যায় কিশোর। জলে ডুবেই কিশোরের মৃত্যু হয়েছে।
হেমতাবাদের ভাসিডাঙ্গা এলাকার বাসিন্দা ওই কিশোর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় নিজের নাচের ভিডিও আপলোড করবার ইচ্ছা ছিল হেমতাবাদের বিপুল সরকারের। সেই মতো কুলিক নদীর ধারে গিয়ে নাচের মহড়া দিচ্ছিল ওই কিশোর।
হঠাৎই পা পিছলে নদীর জলে তলিয়ে যায় বিপুল। সেই সময় নদীর পাড়ে ছিল কিশোরের বেশ কয়েকজন বন্ধুও। চেষ্টা করেও তারা বিপুলকে বাঁচাতে পারেনি বলে পুলিশকে জানিয়েছে।
পরে স্থানীয়দের তৎপরতায় কিশোরের মৃতদেহ নদী থেকে উদ্ধার করে পুলিশ। তিন-চার জন কিশোর ভাসিডাঙ্গার ওই এলাকায় জড়ো হয়েছিল বলে জানা গিয়েছে। টিকটক ভিডিও তৈরির চেষ্টা করছিল তারা। সেই সময় পা হড়কে নদীর জলে পড়ে যায় ওই কিশোর। নদী থেকে ওই কিশোরকে উদ্ধারের পর তড়িঘড়ি তাকে স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ।
চিকিৎসকরা বিপুল সরকার নামে ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে কিশোরের ময়নাতদন্ত করা হয়েছে। মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
No comments:
Post a Comment